দলবদলের শেষ সময়ে তারকাদের ঠিকানা নিয়ে জল্পনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ধীরে ধীরে ফুরিয়ে আসছে ইউরোপিয়ান ফুটবল দলের দলবদলের সময়। বড় বড় ক্লাবের নজর এখন কয়েকজন তারকা ফুটবলারের দিকে। কেউ নতুন চুক্তির অপেক্ষায়, কেউ আবার অন্য ক্লাবের রাডারে। তবে এখনো নিশ্চিত নয় কোনো বড় চুক্তিই। শেষ মুহূর্তে কোন তারকা বদলাবেন ঠিকানা, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার বিষয়।

ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে চলছে আরেক যুদ্ধ। ফুটবলের ভাষায় যাকে বলা হয় দলবদল। কোটি কোটি ইউরোর দর কষাকষি, গুঞ্জন, অনিশ্চয়তা আর শেষ মুহূর্তের চমক- সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার এখন পার করছে সবচেয়ে রোমাঞ্চকর সময়।

এবারের ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বড় আলোচনার নাম ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা চললেও এখনও দুই পক্ষের মাঝে কোনো সমঝোতা হয়নি। সেই সুযোগে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। তবে রিয়াল মাদ্রিদ তার অন্যতম সেরা তারকাকে ছাড়তে রাজি হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন:

আলোচনায় উঠে আসছে ব্র্যাডলি বারকোলার নামও। তরুণ এই ফরাসি উইঙ্গারকে দলে নিতে আগ্রহী লিভারপুল। কিন্তু তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে পিএসজি। অন্যদিকে লিভারপুলের কার্টিস জোন্সকে পেতে আগ্রহী ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে অলরেডদের প্রত্যাশিত মূল্যের সঙ্গে না মেলায় ঝুলে আছে দুই পক্ষের আলোচনা।

দলবদলের বাজারে হঠাৎ আলোচনায় উঠে এসেছেন ফেরান তোরেস। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে নিয়ে আগ্রহ দেখিয়েছে পিএসজি। ক্লাব ছাড়তে চান তোরেস নিজেও। যদিও দুই ক্লাবের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। এদিকে হুলিয়ান আলভারেজকে পেতে বার্সেলোনা অপেক্ষা করলেও তাকে না ছাড়ার সিদ্ধান্তে অনড় অ্যাথলেটিকো মাদ্রিদ।

একটি স্বাক্ষর বদলে দিতে পারে ক্লাবের ভবিষ্যৎ। একটি সিদ্ধান্ত পাল্টে দিতে পারে পুরো মৌসুমের সমীকরণ। আর তাই দলবদলের শেষ মাস শুরু হতেই আরও বেশি ব্যস্ত দলগুলো।

এফএস