বিশ্বজয়ের মিশনে যুক্তরাষ্ট্রে আলবিসেলেস্তেরা; ‘কানসাস সিটি’ হচ্ছে চ্যাম্পিয়নদের ঘাঁটি

আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ
আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

মরুর দেশ কাতার থেকে এবার মিশন উত্তর আমেরিকা জয়। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। আর বিশ্বকাপের ক্যাম্প হিসাবে চ্যাম্পিয়নরা বেছে নিয়েছে কানসাস সিটিকে।

শিরোপা ধরে রাখার মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আকাশি-সাদার প্রতিনিধিরা। গতকাল (রোববার, ৩১ মে) এক রাজকীয় আবহে যুক্তরাষ্ট্রে অবতরণ করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

পুরো দলের দিকে নজর থাকলেও সবার চোখ কেড়েছে তাদের বহনকারী বিশেষ বিমানটি। বিমানের লেজে জ্বলজ্বল করছে বিশেষ একটি সংখ্যা ‘নাম্বার ১০’, যা কি না ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবল জাদুকর এবং আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসির আইকনিক জার্সি নম্বর। এ ‘নম্বর ১০’ লেখা বিমানটি যেন জানান দিচ্ছে— বিশ্বজয়ের এক অনন্য মিশন নিয়ে মার্কিন মুলুকে পা রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আরও পড়ুন

বিমান থেকে একে একে নেমে আসেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। চার বছর আগে কাতারে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়া মহাতারকা লিওনেল মেসির দলকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।

গত ১১ মে কোচ লিওনেল স্কালোনির ঘোষণা করা ৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাছাইকৃত সেরা ২৬ জনকে নিয়েই কানসাসে পা রেখেছে তারা। এবারের বিশ্বকাপে কানসাস সিটি আয়োজক শহরগুলোর মধ্যে আকারে সবচেয়ে ছোট হলেও, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো শীর্ষ পরাশক্তিরা এ শহরকেই বেছে নিয়েছে তাদের মূল ঘাঁটি বা বেস ক্যাম্প হিসেবে।

বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় তাদের নির্ধারিত ঠিকানায়। এবারের আসরে নিজেদের সেরাটা দিতে এবং শিরোপা ধরে রাখার মিশন সফল করতে আর্জেন্টিনা দল ক্যাম্প করবে স্পোর্টিং কানসাস সিটির হোম গ্রাউন্ড ‘কম্পাস মিনারেলস পারফরম্যান্স সেন্টারে’। এখানেই চলবে তাদের চুলচেরা প্রস্তুতি ও কঠোর অনুশীলন।

আগামী ১৬ জুন কানসাস সিটিতেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। সমর্থকদের অপেক্ষা এখন কেবল নিজের সমর্থিত দলকে মাঠের লড়াই জিতে টানা দ্বিতীয়বার শিরোপা স্বাদ পেতে দেখার।

জেআর