নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশের সিরিজ জয়

উইকেট নেয়ার পর টাইগারদের উল্লাস
উইকেট নেয়ার পর টাইগারদের উল্লাস | ছবি: এএফপি
1

তৃতীয় ও শেষ ওয়ানডে তে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় পায় টাইগাররা। এর মাধ্যমে ইতিহাস গড়েই সিরিজ জিতলো বাংলাদেশ।

চট্টগ্রামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। যা তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৪৪.৫ ওভারে ২১০ রানে। স্বাগতিকরা সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

এদিন সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নামা দলের বিপক্ষে চ্যালেঞ্জ করার মতো পুঁজি এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুই বছর পর সেঞ্চুরি করেন শান্ত, আড়াই বছর পর ফিফটির দেখা পান লিটন। বাকি কাজটা বল হাতে সারেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। দলে ফিরেই মোস্তাফিজ ৪৩ রানে ৫ উইকেট নেন। ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার নাহিদ রানার।

অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। তিন ওভার শেষ না হতেই ফেরেন দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। আর তৃতীয় ওভারের প্রথম বলেই পাঁচ বলে এক রান করে বোল্ড হন তানজিদ তামিম। দু‘টি উইকেটই নেন ও’রুর্কে।

তিন ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে সৌম্যকেও জ্বলে ওঠার আগেই থামিয়ে দেন ও’রুর্কে। বোল্ড হয়ে ফেরেন ২৬ বলে ১৮ রান নিয়ে। ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শান্ত ও লিটন দাস মিলে ধরেন হাল। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে গুছিয়ে আনেন ইনিংস। ১৭৮ বলে যোগ করেন ১৬০ রান।

৩৮.১ ওভারে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। তবে ফেরার আগে আড়াই বছরের আক্ষেপ ঘোচান তিনি, ১৮ ইনিংস পর তুলে নেন ফিফটি। খেলেন ৩ চার ১ ছক্কায় ৯১ বলে ৭৬ রানের ইনিংস।

আরও পড়ুন:

অন্যদিকে শান্ত টানা দ্বিতীয় ফিফটি ছুঁয়ে তুলে নেন শতকও। ২০ ইনিংস পর ওয়ানডেতে তিন অঙ্কে পৌঁছান তিনি। ২০২৪ সালে শেষবার চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত।

আন্তর্জাতিক ওয়ানডেতে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। ১১৪ বলে শতক ছোঁয়ার পর অবশ্য ইনিংসটা আর টানতে পারেননি শান্ত। আউট হয়েছেন ১১৯ বলে ৯ চার ২ ছক্কায় ১০৫ রান নিয়ে।

৪৩ ওভারে দলকে ২২১ রানে রেখে ফেরেন শান্ত। তবে এরপর আর তেমন সুবিধা করতে পারেননি কেউ। হাতে ৫ উইকেট থাকতেও শেষ ৪২ বলে এসেছে মাত্র ৪৫ রান। অন্যথায় সংগ্রহ আরও বড় হতে পারতো।

তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ১৮ বলে ২২ রান নিয়ে আউট হন অধিনায়ক মেহেদী মিরাজ। বল হাতে কিউইদের হয়ে ও’রুর্কে তিন উইকেট নেন।

বল হাতে চতুর্থ ওভারেই দলকে প্রথম উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। হেনরি নিকোলসকে (৪) ফেরান এই বাঁহাতি পেসার। এরপর অবশ্য উইকেটের জন্য বাড়তে থাকে অপেক্ষা।

নিক কেলি ও উইল ইয়ং মিলে ধরেন হাল। তাতে আর কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে আসে ৩৩ রান। তবে জুটি বড় হতে দেননি নাহিদ রানা।

১৩.৩ ওভারে এসে থামান ইয়ংকে। ২৫ বলে ১৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। আর চারে নামা টম লাথামকে থিতু হতে দেননি মেহেদী মিরাজ। ১৩ বলে ৫ রান নিয়ে আউট হন তিনি।

১৭ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬১ রানে ৩ উইকেট। এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে ৪৭ রান যোগ করেন কেলি। তবে তার বিদায়েই ভাঙে জুটি, ৮০ বলে ৫৯ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন তিনি।

তবে ইনিংস বড় হয়নি আব্বাসেরও, শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৬ বলে ২৫ রানে। তার বিদায়েই ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা।

পরের অধ্যায়টা মোস্তাফিজের। দলে ফিরেই যেন নিজের জাত চেনালেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। ফেরান নাথান স্মিথ, জয়দেন লিনক্স, উইলিয়াম ও’রুর্কেকে। মাঝে জশ ক্লার্কসনকে (৬) ফেরান নাহিদ রানা। ৪০ ওভারে ১৬০ রানে ৯ উইকেট হারায় কিউইরা।

সফরকারীদের হয়ে একাই লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফ্ট। তবে তা কেবল হারের ব্যবধান কমায়। ৪৪.৫ ওভারে এসে শেষ উইকেট হিসেবে ৭২ বলে ৭৫ রান করে আউট হন ফক্সক্রফ্ট।

এসএস