চট্টগ্রামের ‘ব্যাটিং স্বর্গে’ সিরিজ জয়ের লড়াই বৃহস্পতিবার

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটাররা
ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটাররা | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ।

মিরপুরের মিস্ট্রি উইকেটের লড়াই শেষ, সিরিজ জয়ের শিরোপা নির্ধারিত হবে চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে। বন্দরনগরীতে খেলা সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। তবে অলিখিত ফাইনালের আগে ঘুরেফিরে টাইগারদের চিন্তার কারণ ব্যাটিং। তবে বোলিং কোচ শন টেইটের প্রত্যাশা দ্বিতীয় ওয়ানডের ধারাবাহিকতা শেষ ওয়ানডেতেও ধরে রাখবে তানজিদ তামিম-শান্তরা।

কোচ শন টেইট বলেন, ‘গত ম্যাচে ব্যাটাররা ভালো করেছে। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো উল্লেখ করার মতো। প্রত্যাশা খুব বেশি সেটা সাংবাদিক-দর্শক সবার কাছ থেকেই। সিরিজ নির্ধারণী ম্যাচেও তারা ধারাবাহিকতা বজায় রাখবে। আবারও কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখতে পারবো আশা করছি। সবার চাওয়া—ব্যাটাররা ইন্নতির ধারা অব্যাহত রাখবে।’

অনুশীলনের সময় আপাত দৃষ্টিতে চট্টগ্রামের উইকেট ভালো মনে হলেও আগেভাগে মন্তব্য করতে চান না টেইট। যেকোনো মূল্যে জয় পাওয়াটাই প্রধান লক্ষ্য টাইগারদের।

শন টেইট বলেন, ‘ঐতিহ্যগতভাবেই চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। আমি উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা যেটা জানি, সেটা হলো আমাদের ম্যাচটা জিততে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

আরও পড়ুন:

অন্যদিকে, শেষ ম্যাচের অভিজ্ঞতা ভুলে তৃতীয় ওয়ানডেতে ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করতে চায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের পেসার উইল ও’রুর্ক বলেন, ‘তৃতীয় ওয়ানডেতে আমার নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। আমাদের প্রস্তুতিও দারুণ হয়েছে এবং অবশ্যই ওয়ানডে সিরিজ জিততে চাই।’

আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮১। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নিতে চাইবেন মেহেদি মিরাজরা।

কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সমীকরণে বাংলাদেশের জন্য আসন্ন প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। যেখানে একটু পা হড়কালেই ওয়ানডে বিশ্বকাপ খেলতে টাইগারদের সম্মুখীন হতে হবে বাছাইপর্বের। এ ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।

এসএইচ