বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

সংসদে আমিনুল হক; মাঠের অনুশীলন দেখতে সরেজমিনে বিসিবি সভাপতি
সংসদে আমিনুল হক; মাঠের অনুশীলন দেখতে সরেজমিনে বিসিবি সভাপতি | ছবি: এখন টিভি
0

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এর মধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

নানা অস্থিরতা ও শঙ্কার মধ্যেই গত শনিবার (২৮ মার্চ) রাতে দেশে ফিরে পরদিন রোববারই (২৯ মার্চ) মিরপুরে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে এসে দেখেছেন টাইগারদের বিশেষ ফিটনেস ক্যাম্প।

হেডকোচ, ক্রিকেট অপারেশনস হেডকে সাথে নিয়ে একফাঁকে কথা বলেছেন ওয়ানডে কাপ্তান নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। সবার হাসিখুশি মুখ দেখে বোঝার উপায় নেই কতটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছে দেশের ক্রিকেট।

বুলবুলের বোর্ডের বিরুদ্ধে সরকারি হস্তক্ষেপে নির্বাচন কারচুপিসহ একাধিক অভিযোগে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন তৈরি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবস অর্থাৎ এপ্রিলের প্রথম ভাগের মধ্যই প্রস্তুত হয়ে যাবে চূড়ান্ত প্রতিবেদন। যার ওপর নির্ভর করবে বিসিবির বর্তমান পরিচালনা কমিটির ভবিষ্যৎ।

আরও পড়ুন:

দেশের বাইরে থাকায় বুলবুলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হলেও, এবার তার সঙ্গে সরাসরি আলোচনা করবে তদন্ত কমিটি, এমনটাই গুঞ্জন ক্রিকেটপাড়ায়।

এদিকে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিগত বছরগুলোতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের জাতির সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘বিগত ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে, সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে, এর ভেতরে কারা কারা ছিল সেগুলো আমরা ইনশাআল্লাহ খুঁজে বের করবো। বোর্ডের যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, সেইসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা তদন্ত করবো এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।’

যদিও শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে নেই তেমন কোনো উৎকণ্ঠার সুর। টানা তৃতীয় দিনের মতো চলমান ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চলছে বিশেষ এ ফিটনেস ক্যাম্প।

এসএইচ