বাটেক্সপোর উদ্বোধন-সমাপনীতে ব্যত্যয়, সরকারের দলীয়করণের অভিযোগ জামায়াতের

প্রেস ব্রিফিং করেছেন মিয়া গোলাম পরওয়ার
প্রেস ব্রিফিং করেছেন মিয়া গোলাম পরওয়ার | ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ
0

বাটেক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি রাখার প্রচলিত সংস্কৃতির এবার ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, এর মাধ্যমে সরকারের দলীয়করণের চিত্র ফুটে উঠেছে।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘অর্থনীতি ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতেও যদি দলীয়করণ করা হয়, তা ভালো ফল বয়ে আনবে না।’ এ বিষয়ে বিজিএমইএকে ইতোমধ্যে দুই দফা চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘সরকারের সব কাজের বিরোধিতা করা আগের বিরোধীদলগুলোর মতো এই বিরোধীদল করবে না। তবে জনস্বার্থের পরিপন্থি কোনো বিষয়ে প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধেও যেতে পারে জামায়াত।’

বৈঠকে টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।

এসময় বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, ‘বিরোধীদলীয় নেতার সঙ্গে পরিচিত হওয়া এবং টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করাই বৈঠকের মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘এলসি-সংক্রান্ত সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যাও আগের তুলনায় কমেছে। তবে কিছু সমস্যা এখনো রয়েছে। এসব বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

এসএইচ