রাজধানীতে নির্বাচনি আমেজ: অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেও সরগরম ঢাকা

নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা
নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

রাজধানীতে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দশম দিন সকাল থেকেই বিএনপি, জামায়াত ও ১১ দলীয় ঐক্যসহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিলো ঢাকার বিভিন্ন এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অলি-গলি চষে বেড়াচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিশ্রুতির ফুলঝুরি ছিলো প্রচারণাকে ঘিরে।

শনিবার ঢাকা ৬ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুল মান্নান।

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘এখানে জলাবদ্ধতার একটা সমস্যা রয়েছে। আসন্ন বর্ষার আগেই আমরা ড্রেনেজ সিস্টেমগুলো সচল করতে চাই। কে কি বলছে সেটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না। আমরা তো সরাসরি মানুষের সাথে কানেক্টেড। আমরা জনগণের সাথে আছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’

ঢাকা-৬ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ‘ঋণ-খেলাপিরা যদি এমপি হতে পারে তাহলে আগে উন্নয়ন করবে না আগে ঋণ শোধ করবে? তার ক্ষুধা আরও বেড়ে যাবে। সে কয়েকগুণ করবে। আল্লাহ এই ৪৫ জনের কাউকেই যেন আমাদের সংসদে না নেয়।’

আরও পড়ুন:

এদিকে, ঢাকা ৭ আসনে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ, বিএনপির হামিদুর রহমান, ইসলামি আন্দোলনের আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ইশহাক সরকার।

ঢাকা-১৫ আসনকে মাদকমুক্ত ও নারীবান্ধব করার অঙ্গীকার করেন এই আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। এদিকে প্রচারণার পাশাপাশি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে এত সমর্থন, এত ভালোবাসা তা আমরা রাস্তায় না নামলে বুঝতে পারতাম না। সকাল থেকে রাত অব্দি আমরা গণসংযোগ করি। অবিরাম করে চলেছি কোনো ক্লান্তিবোধ নেই।’

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, ‘প্রতিবছর বর্ষা এলেই লোক দেখানো মশার ওষুধ ছিটানো হয়। কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গুতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছেন। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে সে আলোকে আমি এ সমস্যা সমাধানে কাজ করবো।’

এছাড়া ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকে প্রচারণা চালিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।

ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ বলেন, ‘কিশোর-গ্যাং এবং প্রচুর পরিমাণ মাদকের উপদ্রব এখানে আছে। জুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে গ্রুপে গ্রুপে মারামারি, দলাদলি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে।’

ইএ