Recent event

আজ নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার মাধ্যমে জনগণের আজ দেশে নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নীরব পরিবেশে, নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এদেশে নিজেদের মালিকানা বুঝে নেয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিলো না। আমাদের আজকে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

তিনি বলেন, ‘আমরা গতকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রাতে কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনতে পেয়েছি। রাতে আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমরাও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কথা বলেছি।’

আরও পড়ুন:

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসউদ আর কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহর আসন, দেবিদ্বারে, সেখানে কিন্তু একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোটকেন্দ্র সংলগ্ন সেখানে হামলা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে। এ প্রতিকূলতা কিন্তু এসেছে। আমরা এ প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না। আমরা ভোটে আসার জন্য আহ্বান করছি।’

আরও পড়ুন:

ব্যালটেই জনগণের রায় প্রতিফলিত হবে বলে জানিয়েছেন এনসিপির এ নেতা।

তিনি বলেন, ‘আমরা চাই না ভোটের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। যারা এগুলো করছে আমরা আশা করি মানুষ তাদের ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে। ব্যালটেই জনরায় প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন, মিডিয়া এবং সেনাবাহিনীর প্রতি আমাদের করজোড় আহ্বান থাকবে আমাদের এত আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করবো তারা নিরপেক্ষ আচরণ করবে। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে তারা যতই গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে না।’

এসএস