ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন
আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (শনিবার, ৩ অক্টোবর) ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এর আগে এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উদ্যোক্তারা অংশ নেন।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুজ্জামান এবং ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) নাজিম হাসান সাত্তার, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তারা যেমন নিজেদের ব্যবসা এগিয়ে নিতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ ধরনের মেলা উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে।’

তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেলার সময়সীমা ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন, যাতে উদ্যোক্তারা আরও বেশি সময় ধরে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পান। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো. নাজিম হাসান সাত্তার বলেন, ‘আঞ্চলিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতিবছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়। এসব মেলার মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি ভোক্তাদের কাছে তাঁদের পণ্য তুলে ধরার পাশাপাশি নতুন বাজার ও ক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ পান।’

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘উদ্যোক্তাদের উৎপাদিত দেশিয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ বিশেষ করে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার শারদ উৎসবকে সামনে রেখে এবারের আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য স্থান পেয়েছে। উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্যোগে উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরছেন। এতে একদিকে যেমন উদ্যোক্তারা তাঁদের পণ্যের পরিচিতি বাড়ানোর সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারাও স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য এক জায়গা থেকে কেনার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে মেলায় দেশীয় ও উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্মত পণ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা তাঁদের পণ্যের গুণগত মান, বৈচিত্র্য ও নিজস্বতার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের জন্য এমন আয়োজন শুধু পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে না; বরং তাঁদের ব্যবসায়িক পরিচিতি তৈরি, ক্রেতার চাহিদা বোঝা, নতুন বাজার খুঁজে পাওয়া এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে নারী উদ্যোক্তাদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন ধরনের পোশাক, হস্তশিল্প, খাদ্যপণ্য, পাটজাত সামগ্রী, জুয়েলারি ও অর্গানিক পণ্য নিয়ে তাঁরা মেলায় অংশ নিয়েছেন। মেলায় তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শনের পাশাপাশি সরাসরি বিক্রয়ের সুযোগ থাকায় ব্যবসা সম্প্রসারণে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মেলা চলাকালে ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে এসে বিভিন্ন স্টল ঘুরে দেখার এবং দেশীয় পণ্য কেনার সুযোগ পাবেন। আয়োজকদের আশা, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এ মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রির পাশাপাশি তাঁদের ব্যবসার পরিচিতি ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএইচ