বাংলাদেশ-থাইল্যান্ড পররাষ্ট্র দপ্তর বৈঠক; দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে জোর

ব্যাংককে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্র দপ্তর বৈঠক
ব্যাংককে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্র দপ্তর বৈঠক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দপ্তর বৈঠক (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সংযুক্তি (কানেক্টিভিটি), জ্বালানি, কৃষি, শ্রমিক অভিবাসন, শিক্ষা, সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং থাই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিন্টারুচি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্য আমদানি এবং থাই বাজারে প্রবেশাধিকার বাড়াতে বাংলাদেশি পণ্যে শুল্ক হ্রাসের প্রস্তাব দেয়া হয়। থাই পক্ষ প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত শুরু করার অনুরোধ জানায়।

সংযুক্তির ক্ষেত্রে গত সেপ্টেম্বরে চট্টগ্রাম ও রানং বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়াকে উভয় পক্ষ স্বাগত জানায়। এর ফলে পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমে মাত্র ৪ দিনে নেমে এসেছে, যা লজিস্টিক খরচ কমিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখছে।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে থাইল্যান্ডের কারিগরি সহযোগিতা ও বিনিয়োগের পাশাপাশি বৈশ্বিক হালাল খাদ্য বাজারের জন্য প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানায় বাংলাদেশ। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে কৃষি বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরিতে থাইল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়। থাইল্যান্ড তাদের ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করার বিষয়েও জোর দেয়।

আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষ পর্যায়ের সফরের ওপর জোর দেয়া হয়। ক্রীড়া বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশকে ক্রিকেটে এবং থাইল্যান্ডকে তায়কোয়ান্দো প্রশিক্ষণে সহযোগিতা দেয়ার প্রস্তাব দেয়া হয়। এ ছাড়া আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়া ও আরসিইপি-তে যোগদানে থাইল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মানব ও অস্ত্র পাচার, অনলাইন প্রতারণা এবং মাদক ব্যবসাসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

এএম