সিংগাইরে আগুনে পুড়লো ঘর ও গরু, দগ্ধ গৃহকর্ত্রী

পুড়ে যাওয়া ঘর ও গরু
পুড়ে যাওয়া ঘর ও গরু | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড ঘর পুড়ে গেছে। এসময় আগুনে একটি গরু মারা গেছে এবং আরেকটি আহত হয়েছে। গৃহকর্ত্রী জহুরা বেগম (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জহুরা বেগম ওই এলাকার প্রবাসী আফসার উদ্দিনের স্ত্রী।

আফসার উদ্দিনের ছেলে রায়হানের স্ত্রী সুমনা আক্তার জানান, বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। আরেকটি গরুও আহত হয়।

এসময় তার শাশুড়ি জহুরা বেগম দগ্ধ হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘর ও গবাদিপশুসহ সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. ইস্তাফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে একটি টিনশেড ঘর পুড়ে গেছে, একটি গরু মারা গেছে এবং আরেকটি আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ লাখ টাকা।’

এ বিষয়ে জামশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ‘অগ্নিকাণ্ডে একটি গরু মারা গেছে এবং গৃহকর্ত্রী আহত হয়েছেন বলে শুনেছি।’

এসএস