রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে

রেলওয়ে ভবন
রেলওয়ে ভবন | ছবি: সংগৃহীত
0

রাজশাহীতে গত মঙ্গলবারের (২১ জুলাই) ৯ ঘণ্টা রেল অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দু’টি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে রেলওয়ের একজন কর্মচারীর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রছাত্রী রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী ও বিভিন্ন রুট থেকে রাজশাহী অভিমুখী ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হয়। প্রায় ৯ ঘণ্টার অবরোধে মুমূর্ষু ও অসুস্থ যাত্রী, বিদেশগামী যাত্রী, মহিলা ও শিশু যাত্রীরা অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আর্থিক ক্ষতি ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে বলা হয়, অবরোধের কারণে রেলওয়ের বিভিন্ন গন্তব্যের ১০টি আন্তঃনগর ট্রেন এবং ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট বিলম্বিত হয়। এছাড়া দু’টি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগের সম্মুখীন হন। যাত্রা বাতিল ও সূচি বিপর্যয়ে রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীকে ফুরকান আলীকে মারধরের অভিযোগ ওঠে ট্রেনে কর্তব্যরত টিকেট চেকার (টিটিই) সুমন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন একদল শিক্ষার্থী।

এসএইচ