শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান
শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান | ছবি: মীর শাহে আলমের ফেসবুক পোস্ট
0

শাহবাগে ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

আজ (রোববার, ১৪ জুন) রাত ৮টায় সংসদ অধিবেশন শেষ করেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাহবাগ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে রাতের আঁধারে এ ঝটিকা অভিযান চালান তিনি।

একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে প্রায় ২ ঘণ্টাব্যাপী ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।

পরে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারির বরাতে এ তথ্য জানা যায়।

জানা যায়, জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে শাহবাগ এলাকায় পৌঁছান। পরিদর্শনের সময় বিভিন্ন দোকানের সামনে দীর্ঘসময় ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রীর নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে অন্তত ১০ জন ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করেন। একইসঙ্গে দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে দোকানের সামনে কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেয়া হয়।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় দোকানীদের মাঝে ঝুড়ি ও পলিথিন বিতরণ করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেখানেই অপরিচ্ছন্নতা ও অনিয়ম পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী আজিজ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, সচিব জয়নাল আবেদীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে বিনতে ফেরদৌসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএইচ