আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি ও বিরোধীদলের কণ্ঠভোটে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের প্রস্তাবটি পাশ হয়। এ সময় সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধীদলের সংসদ সদস্যরাও বিপুল উৎসাহে টেবিল চাপড়িয়ে প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।
জানা গেছে, বিভিন্ন সময়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কক্ষ না থাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষ ব্যবহার করে থাকেন। এতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
আরও পড়ুন:
এমতাবস্থায়, উপজেলাসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের সুবিধার্থে উপজেলা পরিষদের পুরাতন কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উন্নতমানের আসবাবপত্রসহ একটি ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ করা হবে অথবা নতুন করে একটি ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হবে।
এছাড়া নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ক্ষেত্রে ডিপিপিতে পরিকল্পনা নকশার সঙ্গে পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য ভবনের দ্বিতীয় তলায় একটি নির্ধারিত ‘পরিদর্শন কক্ষ’ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত ব্যয় উপজেলা প্রশাসনের এডিপি বা রাজস্ব খাত থেকে অথবা প্রকল্পের অর্থ হতে নির্বাহ করা হবে।





