উপকূল বাঁচানোর বার্তা নিয়ে ৩০১ কিমি হেঁটে পেকুয়ায় পরিবেশকর্মী টনি

হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি
হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি | ছবি: এখন টিভি
0

জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রচারাভিযান চালাচ্ছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)।

‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ নামে এ অভিযানের অংশ হিসেবে প্রায় ৩০১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ (শুক্রবার, ২ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রেস ক্লাবে পৌঁছান।

টনিকে স্বাগত জানাতে স্থানীয় পরিবেশ সংগঠনগুলোর উদ্যোগে পেকুয়ায় সাইকেল র‍্যালি, পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে নদী-খাল দখল ও দূষণ বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট মোকাবিলা এবং জীবন-জীবিকা সুরক্ষার দাবি জানানো হয়।

‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ উদ্যোগে পেকুয়া প্রেস ক্লাব ও বাঁশখালীর রত্নপুর হালিয়াপাড়া সমুদ্রসৈকতে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা নানা ঝুঁকির মুখে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, নদী-খালের নাব্যতা কমে যাওয়া এবং পরিবেশগত পরিবর্তন মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পর্যায়ক্রমে তা থেকে সরে আসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

পেকুয়া প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর পেকুয়া উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইন, পেকুয়া প্ল্যান্টার্স ক্লাবের সুপারভাইজার জিহাদুল ইসলাম, নুর আয়েশা খাঁন ফাউন্ডেশনের সভাপতি এম আমজাদ হোসাইন ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

অন্যদিকে বাঁশখালীর রত্নপুর হালিয়াপাড়া সমুদ্রসৈকতে অনুষ্ঠিত সাইকেল র‍্যালি ও পদযাত্রায় বক্তব্য দেন বাঁশখালী সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবক মো. শাহাবুদ্দিন মুনিরী চৌধুরী।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জেলে, পরিবেশকর্মী, রোভার স্কাউটস সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং নদী-খাল রক্ষার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এএইচ