সংসদের আলোচনায় হাওর রক্ষা বিল ও জনগুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ

সংসদ অধিবেশন
সংসদ অধিবেশন | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজকের (মঙ্গলবার, ৭ এপ্রিল) অধিবেশনে নতুন আইন প্রণয়ন, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার বিষয়গুলো প্রাধান্য পাবে।

অধিবেশনের শুরুতেই স্বাস্থ্য সেবা বিভাগ, নৌ-পরিবহন, ধর্ম বিষয়ক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর সংসদীয় কার্যপ্রণালী বিধির ৭১ বিধায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সুনামগঞ্জের হাওর অঞ্চলে সাব-মার্সিবল সড়ক সংকট, অসাধু ব্যবসায়ীদের জ্বালানি মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে সারা দেশের সঙ্গে ভোলার সড়ক যোগাযোগ স্থাপনের দাবি।

আজকের অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে: ১. পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিলটি সংসদে উত্থাপন করবেন। ২. বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬: পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এই বিলটি উত্থাপন করবেন। একইসঙ্গে বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ এবং পাশের প্রস্তাবও আজকের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদীয় রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা আজকের অধিবেশনে অব্যাহত থাকবে।

সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি অনুযায়ী অধিবেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকের বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এনএইচ