গাজীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

টাকা লুটের পর গাড়ি
টাকা লুটের পর গাড়ি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিনজন।

আহতরা হলেন— প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড-শ্রীপুর’ মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’র কাছ থেকে নগদ টাকা আনা হচ্ছিল।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশিয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল দিয়ে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে। পরে গাড়িতে থাকা টাকার দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের দাবি, প্রাইভেটকারে তিনটি বস্তায় প্রায় চার কোটি টাকা ছিলো। সেখান থেকে দুটি বস্তা লুট হয়েছে। লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে তাদের ধারণা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঠিক কত টাকা লুট হয়েছে সেটি এখনই নিশ্চিতকরে বলা যাচ্ছে না।’

জেআর