জামায়াত কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি, পরিবর্তন চেয়েছে: ডা. শফিকুর

সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি বরং সংবিধানের পরিবর্তন চেয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কথা বলার সময় এ কথা তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সংবিধান বিরোধী নয়। তবে যে বিষয়গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেসব বিষয়ের পরিবর্তন চাই।’ এসময় মব কালচার সৃষ্টির দায় জামায়াতের ওপর চাপানোর তীব্র নিন্দাও জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে আর কোনো ফ্যাসিবাদকে ফিরতে দেবো না। ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই। ক্ষমতার গরম দিয়ে কেউ যেন পার না পায়, সেই বাংলাদেশ গড়তে চায় জামায়াত।’

আরও পড়ুন:

জামায়াতের উপর ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সংসদের সবাই মজলুম। আগামীর বাংলাদেশ এমন চাই যে, আইন এবং সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা। সংবিধানের যেসব সুযোগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছিলো, সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ কলিজার অংশ। আমরা আদেশ, অভ্যুত্থান, সনদ বাস্তবায়ন মানি। আমাদের পক্ষ থেকে অমান্যের কিছু নেই। সবাই হ্যাঁ-এর পক্ষে কথা বলেছি। জুলাই অভ্যুত্থান, নব্বইয়ের গণ অভ্যত্থান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না।’

এছাড়া কোনো বিতর্ক ছাড়াই গণভোট মেনে নেয়ার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এসএইচ