জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে সারা দেশে জোরদার করা হয়েছে অভিযান। গতকাল (সোমবার, ৩০ মার্চ) সবচেয়ে বড় অভিযানটি চালানো হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে। সলিমপুরের সিডিএ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করে প্রশাসন।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘জেলা প্রশাসন ও আমরা এরই মধ্যে প্রায় ৩১ হাজার লিটার তেল জব্দ করেছি। আপনারা জানেন যে এই তেলের মূল্য বৃদ্ধি ও কালোবাজারি এবং অবৈধ মজুতের কারণে ৯৮টি মামলা হয়েছে। প্রায় ৪ লাখ টাকা আমরা জরিমানা করেছি।’
সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি লরি জব্দ করে পুলিশ। খোলা বাজারে বিক্রির উদ্দেশে লরিতে তেল পরিবহন করা হচ্ছিলে। ট্রিপল নাইনে কল পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। লরিটি জব্দ করে আটক করা হয় চালক রিপন শেখকে।
আরও পড়ুন:
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ থেকে ১৩ হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্যাংক লরি থেকে তেল খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করে পুলিশ। আটক করা হয় চার জনকে।
জ্বালানি তেলের সংকট মোকাবিলায় চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। আগামী পহেলা এপ্রিল থেকে শুধুমাত্র কার্ডধারীদের যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। এছাড়া সীমান্ত দিয়ে পাচার ঠেকাতে যশোর অঞ্চলে নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিবি। প্রশাসন বলছে, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





