মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাশে সব সময় থাকবে সরকার: মন্ত্রী আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
0

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকবো। আজ (শুক্রবার, ২০ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘মৃতদেহের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সরকারিভাবে বিধি মোতাবেক নিহত ব্যক্তির পরিবার যা প্রাপ্য হবে আমরা তা এ পরিবারকে প্রদান করবো।’

সেই সঙ্গে নিহত মোশারফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে বলে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সবসময় প্রবাসীদের পাশে রয়েছে এবং প্রবাসীদের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবে তাদেরকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহতের পরিবারকে দাফনকার্য সম্পন্নের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।

বিমানবন্দরে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সম্ভব সবরকম আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।’

আরও পড়ুন:

এছাড়া বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সব প্রবাসীদের পাশে আমরা আছি, আমাদের সরকার রয়েছে। এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যেসব দেশে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি এজেন্সি সচেষ্ট আছে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যুদ্ধাবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের যা যা করণীয় আমাদের মিশনগুলো স্ব স্ব দেশগুলোতে সক্রিয় আছে। আমাদের নাগরিকদের সঙ্গে তাদের যোগাযোগ আছে।’

প্রবাসীরা যেন যুদ্ধ অবস্থায় নিরাপত্তার সঙ্গে ভালোভাবে থাকতে পারে মিশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তা দেখছে বলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান।

উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। নিহত মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তার বাবার নাম সূরজত আলী।

বিমানবন্দরে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলেট কল্যাণ) দেওয়ান আলী আশরাফ-সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস