মিরপুরে বহুতল ভবনে আগুন: হাসপাতালে দুজনের মৃত্যু

মিরপুরে বহুতল ভবনে আগুন
মিরপুরে বহুতল ভবনে আগুন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিরপুর-২ নম্বরে ‘এলএ প্লাজা’ নামের একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তি হাসপাতালে মারা যান।

গতকাল (সোমবার, ৯ মার্চ) দুপুরে ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ও পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ৩৫ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা হয়।

আরও পড়ুন:

উদ্ধার অভিযান চলাকালে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাকিব হাসান। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফএস