Recent event

শপথ অনুষ্ঠানে বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, জানা নেই: আইন উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল | ছবি : সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে জানা নেই।’

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ শপথ পরিচালনা করবেন বলে ধারণা করি।’ তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।’

আসিফ নজরুল জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এ অভিপ্রায় ব্যক্ত করেছে।

আইন উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু জানি, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।’

মন্ত্রিসভার শপথের জন্য দক্ষিণ প্লাজাকে বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়।

এসএইচ