গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা। একইসঙ্গে নিরঙ্কুশ জয়লাভ করা বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মহল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
শুক্রবার দুপুরে এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’
চীনা দূতাবাস আরও বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।’
এর আগে, যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
আরও পড়ুন:
নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে তারেক রহমানকে সকাল সাড়ে ৯টায় এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে ভাবি প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
আরও পড়ুন:
সকালে এক এক্স পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান শেহবাজ শরীফ।
এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এক এক্স পোস্টে তার এই শুভেচ্ছা বার্তা আসে।





