Recent event

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, ‘মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় আসবে এবং সেদিন রাত্রেই ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।

এর আগে জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার (৬ ডিসেম্বর) তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও তার পরদিন লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল আবেদন করেছিল। আবেদনের প্রেক্ষিতে ফ্লাইট অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন।

এএইচ