টানা বৃষ্টিতে কমেছে সরবরাহ, বেড়েছে সবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: এখন টিভি
0

গত সপ্তাহের টানা বৃষ্টি ও বন্যায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। প্রতিটি সবজি-ই বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। তবে, দাম কমেছে টমেটোর। বন্যায় সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, চড়া দামে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে, নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে।

গত সপ্তাহের বৃষ্টি-বন্যার ধাক্কা লেগেছে রাজধানীর কাঁচাবাজারে পণ্য সরবরাহে। সরবরাহ কমে যাওয়ায় কারওয়ান বাজারে সবজির দাম দ্বিগুণ। কেজিতে বেশিরভাগ সবজি বেড়েছে প্রায় ৩০-৪০ টাকা।

বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৩০-৩৫ টাকা পিস। আর শসা, কাঁচামরিচ ও লেবুর দামে ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় হালিতে ৫ টাকা বেড়ে লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। এদিকে, চিচিঙ্গা কেজিতে ৪০ টাকা, বেগুন ৬০-৬৫ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজিতে ৪০-৪৫ টাকায়। অন্যান্য সবজিও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

আরও পড়ুন

এদিকে, বিক্রেতারা বলছেন, কাঁচা পেঁপের দাম স্বাভাবিক রয়েছে। আর টমেটোর দাম কমে এসেছে অর্ধেকে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা কেজিতে।

টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। সামনের দিনে আরও বাড়তে পারে বলেও জানান বিক্রেতারা। সব কিছুতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, চড়ামূল্যে প্রতিটি সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এদিকে, সরবরাহ থাকলেও মাছের বাজারও বাড়তি। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকায়। আর চিংড়ি আকারভেদে কেজিতে বিক্রি ১ হাজার থেকে ১৫০০ টাকায়। অন্যদিকে রুই মাছ কেজিতে ৩৫০ টাকা এবং কই মাছ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নদীর মাছের সরবরাহ কম থাকায় মূল্য বেড়েছে।

এদিকে, মুরগির দাম স্বাভাবিক থাকলেও প্রতি হালিতে ২ টাকা করেছে বেড়েছে ডিমের দাম।

জেআর