জাতিসংঘের সাধারণ বিতর্ক: বিশ্বনেতাদের আলোচনায় যুদ্ধ ও এআই

জাতিসংঘের সাধারণ পরিষদ
জাতিসংঘের সাধারণ পরিষদ | ছবি: সংগৃহীত
0

আগামীকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘের মূল বিতর্ক পর্ব। এতে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসন, ইউক্রেন যুদ্ধবিরতি ও এআই ঝুঁকি কমাতে আলোচনায় অংশ নেবেন বিশ্বনেতারা। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির মেয়াদ বাড়ানো এবং এআইয়ের ঝুঁকি নিরূপণে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাইডলাইনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। আর ফক্স নিউজের দাবি, চলমান সংঘাতের মধ্যেও নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান-ইয়েমেন যুদ্ধের উত্তাপে অস্থির বিশ্ব জ্বালানি বাজার, ভিন্ন প্রান্তে সাড়ে চার বছরের যুদ্ধে রাশিয়া-ইউক্রেনে ক্ষয়ক্ষতির নতুন নতুন রেকর্ড, ট্রাম্পের একতরফা শুল্কবাণ আর মানবজগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি; ভূ-রাজনীতির এমন জটিল সমীকরণের মধ্যেই জাতিসংঘের ৮১ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসতে শুরু করেছেন বিশ্বনেতারা।

বিভিন্ন কারণে ঘটনাবহুল হতে যাচ্ছে এবারের অধিবেশন। ঠিক কী কী বিষয় উঠে আসবে এবারের আসরে। তারই উত্তর খোঁজার চেষ্টা করেছে রয়টার্স। গণমাধ্যমটি বলছে, আলোচনায় ইরান-ইয়েমেন যুদ্ধ বন্ধসহ মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসন, ইউক্রেন যুদ্ধবিরতি, সুদান সংঘাত, যথাযথ সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত এআইয়ের অগ্রগতিতে রাশ টানার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া ডিসেম্বরে মেয়াদ ফুরাতে যাওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়েও আলোচনা করবে সদস্য রাষ্ট্রগুলো।

মঙ্গলবার অধিবেশনের বিতর্ক পর্বে ব্রাজিলের পরই ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলো বলছে, বক্তব্যে নিজের প্রশাসনের নেয়া বৈশ্বিক নীতির পক্ষে সাফাই গাইবেন ট্রাম্প।

আরও পড়ুন:

এছাড়া গতবারের মতো এবারও বক্তব্যের একটি অংশজুড়ে জাতিসংঘের সমালোচনায় মুখর থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান যুদ্ধের জেরে বিশ্বনেতাদের যে দুয়োধ্বনি কুড়িয়েছেন ট্রাম্প; তাতে একপ্রকার নিশ্চিত এবার কোনো ‘স্বাগত সংবর্ধনা’ পাবেন না মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়া সম্মেলনের পুরোটা সময়ে লাইমলাইটে থাকবে বিশ্বনেতাদের সাইডলাইন বৈঠক। সবচেয়ে অবাক করা খবর হলো; যুক্তরাষ্ট্রে আসলেও এবারের সম্মেলনে যোগ দেবেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কেবল বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। গতবারের মতো এবারের অধিবেশনেও যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে বিশ্বমঞ্চে ভাষণ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের কারণে প্রচণ্ড চাপে থাকা মার্কিন প্রেসিডেন্টের জন্য শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘অগ্নিপরীক্ষার’ সামিল। বৈঠকে দ্বিপক্ষীয় এবং ভূ-রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হলেও মূল কেন্দ্রবিন্দুতে থাকবে গেল বছর দু’দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা নিরসনে স্বাক্ষরিত চুক্তির মেয়ার বাড়ানোর বিষয়টি। বিশ্লেষকদের আভাস, বিশ্ব বাজারে নিজেদের শক্তির জানান দিতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বেইজিং।

এদিকে মূল বৈঠকের আগে নিউইয়র্কে একটি প্রস্তুতিমূলক বৈঠক সেরেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের উপ- প্রধানমন্ত্রী হে লিফেং। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুতর হুমকি সম্পর্কে তথ্য আদান-প্রদানের জন্য চীনকে একটি নতুন পদ্ধতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:

স্কট বেসেন্ট বলেন, ‘আমরা একটি যৌথ এআইভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছি। এআই ইস্যুতে অভিন্ন লক্ষ্য ও হুমকির বিষয়ে একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে পৌঁছাতে পুনরায় আলোচনা হবে।’

এছাড়া এবারের সম্মেলনের ফাঁকে ইরান যুদ্ধবিরতি প্রসঙ্গে গালফভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। আর ফক্স নিউজ দাবি, সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকেও বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেয়ার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়া তেহরানের আইনি অধিকার। তবে এ অধিকার থেকে এবারও বঞ্চিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেবেন তিনি।

এসএস