Recent event

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ তেহেরান

সেটেলাইট ছবি, তেহেরানের সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ
সেটেলাইট ছবি, তেহেরানের সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ, মেরামত ও শক্তিশালী করছে ইরান। স্যাটেলাইট ছবিতে প্রমাণ, কৌশলে ঢেকে রাখা পুরো স্থাপনা। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা নেই, ফের দাবি তেহরানের। ওয়াশিংটন বলছে, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অমীমাংসিত অনেক বিষয়।

রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে পারচিন কমপ্লেক্স ইরানের অন্যতম স্পর্শকাতর সামরিক ঘাঁটি। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, দুই দশকের বেশি সময় আগে সেখানে পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। ২০২৪ সালে ইসরাইলের হামলার শিকার পারচিনে চলছে পুনঃনির্মাণকাজ।

অক্টোবর থেকে গত ক'মাসে ধাপে ধাপে প্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণে তথ্য মিলছে, পারচিনে কংক্রিটের একাধিক নতুন অবকাঠামো তৈরি হয়েছে। ধাতব ছাদ দিয়ে ঢাকা সে সব স্থাপনা। এছাড়া গত বছর ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার শিকার, ইস্পাহান, নাতাঞ্জ, শিরাজে ও কোমে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সুড়ঙ্গ প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দেয়া, মেরামত ও শক্তিশালী করার কাজ চলমান। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চিন্তা নেই বলে ফের দাবি তেহরানের।

আরও পড়ুন:

ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমার নিজের বক্তব্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা অনেকবার বলেছি যে আদর্শিক দৃষ্টিকোণ গুরুত্বপূর্ণ হলো- সর্বোচ্চ নেতার নীতি ও ধর্মীয় ফরমান। আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র চাই না। তারা যেভাবে যাচাই করতে চায়, করুক, আমরা প্রস্তুত। কিন্তু নিজেদের রোগী বাঁচাতে, শিল্প ও কৃষির উন্নয়নে জ্ঞান-বিজ্ঞান ব্যবহার করতে পারবো না, সে শর্ত মানবো না।’

ওমানের মধ্যস্থতায় ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দুই ধাপ পরোক্ষ আলোচনার পর, চলছে তৃতীয় ধাপের প্রস্তুতি। শিগগিরই নিজেদের অবস্থান তেহরান আরও স্পষ্ট করবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অনেক বিষয় অমীমাংসিত বলে সিদ্ধান্তের জন্য এখনই সময় বেঁধে দেবে না হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন,  ‘কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু কিছু বিষয়ে আমরা এখনও অনেক দূরে রয়েছি। ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু বিস্তারিত তথ্য নিয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে আশা করছি। ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট নিজে।’

এদিকে, ইরানের সঙ্গে যে কোনো সময় সংঘাতে জড়ানোর শঙ্কায় সতর্কতা বাড়িয়েছে চির বৈরি ইসরাইল। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইরানে মার্কিন অভিযান কয়েক সপ্তাহ দীর্ঘ হবে-এমনটা ধরে নিয়ে উচ্চ স্তরের প্রস্তুতি রয়েছে ইসরাইলের।

জেআর