না যুদ্ধ-না শান্তি , এমনই এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে দিন পার করছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি সত্ত্বেও এ উপত্যকায় থেমে নেই তেল আবিবের বিমান হামলা। মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে প্রতিদিনই।
গত বছরর অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তা মানার কোনো লক্ষণ নেই তেল আবিবের। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে, চলতি মাসের শুরুতেই ইসরাইলী হামলায় নিহত হয় প্রায় ৩২ ফিলিস্তিনি। স্থানীয় সময় গতকাল ( শনিবার, ১১ এপ্রিল) ও আরেক দফা হামলায় হতাহতের ঘটনা ঘটে।
তবে অব্যাহত এ হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে অংশ নেয়া মধ্যস্থতাকারী দেশগুলোর পদক্ষেপকে অবজ্ঞা করছে ইসরাইল। এমনই অভিযোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। এ পরিস্থিতিতে তেল আবিবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম।
আরও পড়ুন:
এদিকে মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আবারও গাজা অভিমুখে যাত্রার প্রস্তুতি নিচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গেলো বারের মতো এবারো অংশগ্রহণ করছেন অনেক মানবাধিকার কর্মী।
একজন বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রাখে তাহলে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। কিছু যুদ্ধবিরতি যদি ঠিকমতো কার্যকর না হয় তাহলে গত বছরের তুলনায় এ অঞ্চল আরো সহিংস ঘটনা ঘটবে। আমি আশা করি, এ ধরণের ঘটনা হবে না।’
গাজাগামী সুমুদ ফ্লোটিলার আগের বহরগুলোতে হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে জোরপূর্বক দেশে পাঠায় ইসরাইলি বাহিনী। যা আইনের চরম লঙ্ঘন বলে দাবি মানবাধিকার কর্মীদের।





