মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ রাজতন্ত্র সমর্থক দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির (পিএএম) নেত্রী ৫০ বছর বয়সী এল মনসুরিকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন। ৩৯৫ আসনের পার্লামেন্টে তার দল ৯৭টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন থেকে অনেকটাই দূরে রয়েছে।
এল মনসুরির দল পিএএম সব দলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসলামপন্থি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিসহ (পিজেডি) কয়েকটি দল বিরোধীদলে থাকার ঘোষণা দিয়েছে। ফলে একটি টেকসই ও শক্ত রাজনৈতিক জোট গড়ে তোলাই এখন তার প্রথম কাজ।
এই জোট সরকারের ওপর থাকবে ঐতিহাসিক এক প্রশাসনিক দায়িত্ব। ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। টুর্নামেন্ট কেন্দ্রিক শতকোটি ডলারের বড় বড় উন্নয়ন প্রকল্প, স্টেডিয়াম নির্মাণ ও অবকাঠামোগত বিনিয়োগ তদারকি করার মূল দায়িত্ব থাকবে এই নতুন সরকারের ওপর।
রাজনৈতিক ও প্রশাসনিক এই জটিল সমীকরণের মুখেও আরব বিশ্বের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এল মনসুরির আগমন পুরো অঞ্চলে নারী ক্ষমতায়নের নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে।





