লেবাননে হামলা বন্ধ না করলে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান

বৈরুতে ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবন
বৈরুতে ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবন | ছবি: সংগৃহীত
3

ইসরাইল যদি লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবানন জুড়ে মাত্র ‘১০ মিনিটের মধ্যে’ ১০০টিরও বেশি স্থানে আঘাত হেনেছে ইসরাইল।

লেবাননে ইসরাইলের এমন হামলার প্রেক্ষিতে ইরান এই হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ইসরাইল যদি লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে।

তাসনিম নিউজ এজেন্সির সূত্র অনুযায়ী, ‘জায়নবাদী শাসকগোষ্ঠী যদি লেবাননে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে। তবে ইরান এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।’

সূত্রটি আরও বলেছে, ‘লেবাননে হামলার সঙ্গে সম্পর্কিত “ইসরাইলের ক্রমাগত চুক্তি লঙ্ঘন” বলে অভিহিত পরিস্থিতির ওপর তেহরান বর্তমানে নজর রাখছে।’

আরও পড়ুন:

প্রস্তাবিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী লেবাননের ‘ইসলামিক প্রতিরোধ’ বাহিনীসহ সব ফ্রন্টে লড়াই বন্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্র গ্রহণ করেছিল।

ইরান জানায়, বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে লেবাননের বিরুদ্ধে ‘নৃশংস হামলা’ চালানোর মাধ্যমে ইসরাইল ‘যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন’ করেছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ‘১০ মিনিটের মধ্যে’ ১০০টিরও বেশি স্থানে আঘাত হেনেছে। লেবাননে বর্তমান অভিযান শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় সমন্বিত হামলা।

২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও, ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছে।

এসএস