ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মৃত্যুর মধ্য দিয়ে তার ৪০ বছরের শাসনের অবসান হলো। এবার দ্রুতই সর্বোচ্চ নেতা নির্ধারণ করতে হবে ইসলামী প্রজাতন্ত্রটিকে। যদিও কোনো উত্তরাধিকারী বা পরবর্তী নেতার নাম নির্ধারণ করে যাননি খামেনি। নিয়ম অনুযায়ী ৮৮ জন ধর্মীয় নেতার একটি দল যা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ নামে পরিচিত, তারাই ভোট দিয়ে পরবর্তী নেতা নির্বাচন করবেন।
সর্বোচ্চ নেতা বাছাইয়ের জন্য সংবিধান অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকতে হবে একজন ধর্মীয় নেতার। তারমধ্যে গুরুত্বপূর্ণ হলো তাকে পুরুষ এবং ধর্মীয় আলেম হতে হবে। রাজনৈতিক জ্ঞানের সঙ্গে বর্তমান সরকারের প্রতি আনুগত্যও গুরুত্ব পাবে এ সিদ্ধান্তে।
সর্বোচ্চ নেতার দৌড়ে আছেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। পর্দার আড়ালে আইআরজিসির সঙ্গে বেশ শক্তিশালী সম্পর্ক ৬০ বছর বয়সী মোজতবার। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক বাহিনী ‘বাসিজ’-এর সঙ্গেও তার গভীর সম্পর্ক। তবে ধর্মীয় নেতারা ক্ষমতায় পরিবারতন্ত্র খুব একটা পছন্দ করেন না। তাছাড়া খামেনি পুত্রের সরকারে কোনো পদও নেই।
আরও পড়ুন:
৬৭ বছর বয়সী আলিরেজা আরাফি খামেনির খুব ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে তিনি ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যান এবং প্রভাবশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন সদস্য। ইরানের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হলেও আরাফি বড় কোনো রাজনৈতিক নেতা ছিলেন না।
প্রায় ৬০ বয়সী আলেম মোহাম্মদ মেহদি মিরবাঘেরি ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে রক্ষণশীল দলের প্রতিনিধিত্ব করেন। তিনিও ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর একজন সদস্য। পশ্চিমা বিশ্বের বিরোধী বলে পরিচিতি মিরবাঘেরি ইরানের কোম শহরের একটি ইসলামি বিজ্ঞান একাডেমির পরিচালক।
খামেনির উত্তরসূরীদের মধ্যে সবচেয়ে কমবয়সী যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো ৫০ বছর বয়সী হাসান খোমেনি। ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লা খামেনির নাতি। যার কারণে ধর্মীয় এবং বিপ্লবের ইতিহাসে তার বিশেষ মর্যাদা ও গ্রহণযোগ্যতা আছে।
আরও পড়ুন:
হাশেম হোসেইনি বুশেহরি ষাটোর্ধ্ব একজন সিনিয়র আলেম। ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ কিংবা যারা সর্বোচ্চ নেতা নির্ধারণ করেন তাদের সঙ্গে বুশেহরির সম্পর্ক গভীর। এই কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। বুশেহরি খামেনির ঘনিষ্ঠ হলেও সামরিক বাহিনী আইআরজিসির সঙ্গে তার শক্তিশালী সম্পর্ক নেই বলে জানা গেছে।
ইরানকে সর্বোচ্চ নেতা বাছাইয়ের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর সদস্যদের একত্রিত করতে হবে। তবে উদ্ভুত জটিল এই পরিস্থিতিতে ইরান গুরুত্বপূর্ণ নেতাদের একসঙ্গে জড়ো করবে কি-না তাও এখন বড় প্রশ্ন।





