Recent event

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন, প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

ট্রাম্পের শান্তি চুক্তির মধ্যেই গাজায় হামলা
ট্রাম্পের শান্তি চুক্তির মধ্যেই গাজায় হামলা | ছবি: সংগৃহীত
0

গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) একদিনেই নারী-শিশুসহ ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামাসের অস্ত্র গুদাম এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করছে আইডিএফের। আর হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে তেল আবিব। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে চরম পরিণতি'র হুঁশিয়ারিও দিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহুর সেনারা হামলা অব্যাহত রাখায় নিন্দার ঝড় বইছে। প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ও।

ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আওতা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও ভয়াবহ বিমান হামলা চালালো ইসরাইলি বাহিনী। তছনছ করে দিয়েছে গাজা সিটি ও খান ইউনিসের একাধিক তাঁবু ও আবাসিক ভবন। দুই বছর পর রাফা ক্রসিং খুলে দেয়ার একদিন আগে শুধু শিশু ও নারীসহ ৩৭ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু বাহিনী।

এনিয়ে ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর ১ হাজার ৪৫০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। এ আওতায় ১১১ দিনে ৫২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা । যার মধ্যে চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি মধ্যে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় প্রাণ গেছে ৭১ ফিলিস্তিনির। এ অবস্থায় প্রশ্নবিদ্ধ ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও বোর্ড অব পিস।

গাজার স্থানীয় একজন বলেন, ‘ভয় এবং আতঙ্ক এখনও কাটেনি। কেবল কাগজে-কলমেই ইহুদিরা শান্তির কথা বলে। বাস্তবে তারা হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শিশুরাও রেহাই পাচ্ছে না। আর বোর্ড অব পিস কিসের জন্য তৈরি করেছে? কোথায় যুদ্ধবিরতি? কিন্তু বাস্তবতা হলো তাঁবুতে থেকেও আমরা প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হচ্ছি।’

আরও পড়ুন:

নারী, শিশু ও বয়স্ক মানুষ হত্যার শিকার হলেও; ইসরাইল দাবি করছে, হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণস্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে আইডিএফ। ফলে নেতানিয়াহু প্রশাসনের যুদ্ধবিরতি লঙ্ঘন ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। নয়তো চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে হামাস।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ভয়াবহ ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। সমালোচনা করেছেন ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনারও।

বিক্ষোভকারীদের একজন বলেন, ‘এটি কোটিপতিদের একটি দল, তাই না? এতে যোগদানের জন্য আপনাকে একজন কোটিপতি হতে হবে। এটি কেবল তার শান্তি পুরস্কার পাওয়ার প্রচেষ্টাকে প্রচার করছে।’

আন্দোলনকারী আরও একজন বলেন, ‘ট্রাম্প বিশ্বজুড়ে আরও অনেক কিছু করছেন, তাই গাজার কথা ভুলে যাচ্ছেন। তাই আমি মনে করি আমাদের সবারই গাজার শান্তির জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা ৭১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এমনকি প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। যা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে মনে করছে জাতিসংঘ।

জেআর