আফগানিস্তানের বিরুদ্ধে ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানে যুদ্ধবিরতি
আফগানিস্তানে যুদ্ধবিরতি | ছবি: সংগৃহীত
0

ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে ৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সাড়া দেয় ইসলামাবাদ। একই সময়ে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দেয় তালেবান সরকার। দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত সোমবার(১৬ মার্চ) আফগানিস্তানের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারায় ৪ শতাধিক মানুষ। আহত হয় অন্তত ২৬৫ জন। দুই হাজার শয্যাবিশিষ্ট কাবুলের ওমিদ মাদকাসক্তি নিয়াময় কেন্দ্রে এ হামলার পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার।

নিহতদের মধ্যে বেশ কয়েকজনের গণ জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সারিবদ্ধ অ্যাম্বুলেন্সে করে আনা হয় মরদেহগুলো। পরে কাবুলের উপকণ্ঠে গণকবর দেয়া হয় তাদের।

আরও পড়ুন:

এমন অবস্থায় ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গতকাল (বুধবার, ১৮ মার্চ) রাত ১২টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে এ যুদ্ধবিরতি। তিনি আরও জানান সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধ রেখেছে পাকিস্তান।

এদিকে আফগানিস্তানের তালেবান সরকারও ঈদ উপলক্ষে তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানায় সংস্থাটি।

গত কয়েক মাসের মধ্যে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। যদিও এ হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তারা আফগানিস্তানের সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে।

জেআর