পর্যটন অর্থনীতিতে বরফ নির্ভরতা বাড়াচ্ছে চীন

0

পর্যটন অর্থনীতিতে বরফ ও তুষার নির্ভরতা বাড়াচ্ছে চীন। ইতোমধ্যে ফল ভোগ করছে দেশটির স্বায়ত্ত্বশাসিত অঞ্চল জিনজিয়াং।

শুভ্রতার আলিঙ্গনে ডুবেছে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল জিনজিয়াং এর পাহাড়-পর্বত, আলপাইন হ্রদ, তৃণভূমি ও বন-বনাঞ্চল। হাতছানি দিচ্ছে পর্যটকদের। সেইসঙ্গে স্থানীয় লোককাহিনী এবং লোকসাহিত্য ভ্রমণকে করে তুলেছে রোমাঞ্চকর।

ডিসেম্বরে দেশি-বিদেশি প্রায় ৪০ হাজার ভ্রমণপিপাসুকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয় জিনজিয়াং'র হেমু গ্রাম। বরফের মাঝে ঘোড়ায় চড়ে আনন্দ করাসহ নানা খেলায় মাতেন পর্যটকরা। এমনই এক ভ্রমণপিপাসু জানান, 'আমার কাছে হেমু'র তুষার দৃশ্য অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়। কারণ হেমু খুবই বিশুদ্ধ এবং স্বপ্নের মতো।'

শীতকালীন পর্যটন ঘিরে এখানকার বাৎসরিক মাথাপিছু আয়ও বেড়েছে কয়েকগুণ। ১০ বছর আগে হেমু গ্রামের গড় মাথাপিছু আয় ১০ হাজার ইউয়ান থাকলেও তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ইউয়ানে। স্থানীয় এক ব্যবসায়ী জানান, 'শীতকালীন পর্যটন যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি আমাদের ব্যবসাও চাঙা হচ্ছে। কারণ আমরা সারা বছর ঘোড়া দিয়ে আয় করতে পারি। এই মৌসুমে চাহিদা আরও বেড়ে যায়।'

উত্তর-পশ্চিমের এই অঞ্চলই নয়, অর্থনীতি চাঙা করতে শীতকালীন পর্যটনে গুরুত্ব দিচ্ছে চীন। শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রায় দুই বছর পর তুষারের মধ্যে খেলার প্রচার চালিয়ে যাচ্ছে বেইজিং। সেই ফলও দৃশ্যমান হতে শুরু করেছে।

চায়না ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের পূর্বাভাসে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে চীনে বরফ ও তুষারনির্ভর পর্যটকদের আনাগোনা থাকবে ৫শ' ২০ কোটি। এতে রাজস্ব যোগ হবে অন্তত ৭২ হাজার ইউয়ান।

এসএসএস