চীনের ৭৭তম জাতীয় দিবস: জাঁকজমক আয়োজনের মধ্যে ভ্রমণের নতুন রেকর্ড

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে মানুষের ভিড়
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে মানুষের ভিড় | ছবি: সংগৃহীত
0

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারসহ হংকং ও ম্যাকাওয়ে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ৭৭তম জাতীয় দিবস উদ্‌যাপন করেছে চীন। দিনটির মধ্য দিয়ে শুরু হলো চীনা নাগরিকদের বহু প্রতীক্ষিত সপ্তাহব্যাপী জাতীয় ছুটির মৌসুম। সিজিটিএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতীয় দিবস উদযাপনে বৃহস্পতিবার ভোরের আগেই বেইজিংয়ের ঐতিহ্যবাহী তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন এক লাখেরও বেশি মানুষ। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি উত্তোলন করা হয় দেশটির জাতীয় পতাকা। চীনের শুরু হতে যাওয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রতিফলিত করে তিয়েনআনমেন স্কয়ার সাজানো হয় ১৮ মিটার উঁচু বিশালাকার এক পুষ্পস্তবক দিয়ে।

একই সময়ে হংকংয়ের গোল্ডেন বাউহিনিয়া স্কয়ার এবং ম্যাকাওয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি ও ম্যাকাওর চিফ এক্সিকিউটিভ স্যাম হাউ ফাই নিজ নিজ অঞ্চলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় পুলিশ ব্যান্ডের পরিবেশনার সঙ্গে ছিল বর্ণাঢ্য বিমান মহড়া ও সামরিক নৌযানগুলোর বিশেষ প্রদর্শনী।

১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ছুটি এবং এর ঠিক আগে উদযাপিত মধ্য-শরৎ উৎসব মিলিয়ে অনেকে বাড়তি ছুটি নিয়ে মোট ১৩ দিনের দীর্ঘ ছুটির পরিকল্পনা করেছেন। ছুটি উপলক্ষে চীনাদের ভ্রমণ চাহিদা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চীনা পরিবহন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ বছর ছুটির দিনগুলোতে গড়ে প্রতিদিন প্রায় ৩০ কোটি মানুষ ভ্রমণ করবেন। কেবল ১ অক্টোবর দেশজুড়ে অন্তত ৩৪ কোটি মানুষ যাতায়াত করেছেন, যা স্বাভাবিক ছুটির চেয়ে প্রায় দ্বিগুণ।

পরিবহন সংকট মেটাতে বিশেষ রেল ও বাড়তি ফ্লাইট পরিচালনা করছে প্রশাসন। চায়না রেলওয়ে বেইজিং গ্রুপ জানিয়েছে, ছুটির এই মৌসুমে কেবল বেইজিং থেকেই ২ কোটি ২৩ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। অন্যদিকে ছুটির মৌসুমে অভ্যন্তরীণ পর্যটন খাতের আয় ও কেনাকাটা বাড়াতে ৪ কোটি ৫৯ লাখ ডলারের বিশেষ ভর্তুকি ও ভাউচার ঘোষণা করেছে পর্যটন মন্ত্রণালয়।

এএম