ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় রাতের হামলায় তিনজন নিহত হয়েছেন। কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও একজন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ও শিল্প স্থাপনাসহ ১৬টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিয়েভের উপকণ্ঠের ১২টি ব্যক্তিগত বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদনকেন্দ্র রয়েছে।
কৃষ্ণসাগরের তীরবর্তী ওদেসা অঞ্চলেও বড় ধরনের হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে একজন নিহত হয়েছেন। হামলায় একটি আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র, হোটেল, দোকান ও শস্য সংরক্ষণের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু বাড়ছে। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা আলোচনা এখনো কোনো অগ্রগতি আনতে পারেনি।
এর এক দিন আগে জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক, রাশিয়া নিজের যুদ্ধের লক্ষ্য অর্জন করবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি সীমান্তবর্তী গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। ক্রেমলিন এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকি এলাকাও দখলের লক্ষ্য ঘোষণা করেছে।





