ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ
দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, যায়, আধিপত্যসহ নানা বিষয় নিয়ে ইছাপুরা ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আক্তার ও বকুলের মধ্যে বিরোধ চলছে। গতকাল শনিবার আক্তারের সমর্থক এনামের সাথে বকুলের সমর্থক রুবেলের কথা-কাটাকাটি হয়।

এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার জেরে আজ রোববার সকাল ৭টা থেকে পুনরায় দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ