জনশৃঙ্খলা রক্ষার অজুহাতে গত কয়েক দিনে ইমরান খানের তিন বোনসহ শত শত পিটিআই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি জানিয়েছে, ইসলামাবাদকে পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সঙ্গে যুক্তকারী দুটি প্রধান মহাসড়ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন ও বিদেশি দূতাবাস সংলগ্ন পাকিস্তানের স্পর্শকাতর সরকারি এলাকায় যান চলাচল ঠেকাতে বিভিন্ন রাস্তায় কনটেইনার বসানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হুঁশিয়ারি দিয়ে জানান, পদযাত্রা সহিংস রূপ নিলে পুলিশ শক্ত হাতে তা দমন করবে।
সরকারের এই কঠোর অবস্থান ও সড়ক অবরোধের মধ্যেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই। দলের চেয়ারম্যান গোহর খান জানান, সরকারি বিধিনিষেধ ও প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্ধারিত লংমার্চ অনুষ্ঠিত হবে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন এবং ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন। সম্প্রতি আদালত নির্দেশ দেয়া সত্ত্বেও তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ না দেওয়া এবং দেশে জ্বালানি তেলসহ অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ঘিরে জনগণের মধ্যে তৈরি হওয়া ক্ষোভকে পুঁজি করে রাজপথে নামছে তার দল।





