ট্রাম্পের বক্তব্য চলাকালে জাতিসংঘ থেকে ইরান ও কিউবার ওয়াকআউট

নিউ ইয়র্কে জাতিসংঘে ট্রাম্প বক্তব্য রাখছেন
নিউ ইয়র্কে জাতিসংঘে ট্রাম্প বক্তব্য রাখছেন | ছবি: রয়টার্স
0

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন ইরান ও কিউবার প্রতিনিধি দলের সদস্যরা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ট্রাম্প ভাষণ দেওয়া শুরু করার পর পৃথক বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউট করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অধিবেশনে ট্রাম্প যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো এবং তেহরানকে ধ্বংসের হুমকির প্রসঙ্গ তুলে বক্তব্য দেয়া শুরু করেন, ঠিক তখনই ক্ষোভ প্রকাশ করে আসন ছেড়ে উঠে দাঁড়ান ইরানি প্রতিনিধি দলের সদস্যরা। এরপর মাত্র একজন সদস্যকে বসিয়ে রেখে বাকি সবাই যৌথভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। জাতিসংঘের এই বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউ ইয়র্কে অবস্থান করলেও মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় তারা কেউই সাধারণ পরিষদের মূল হলে উপস্থিত ছিলেন না।

অন্যদিকে ভাষণে কিউবার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, কমিউনিস্ট শাসিত দেশটি একটি ‘সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র’ এবং খুব শিগগির সেখানে বর্তমান সরকারের পতন ঘটবে। ট্রাম্পের মুখ থেকে এই বক্তব্য আসার সঙ্গে সঙ্গেই এর তীব্র প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান কিউবার প্রতিনিধিরা।

জাতিসংঘের এই বার্ষিক বৈশ্বিক সম্মেলনে ট্রাম্পের তেহরান ও হাভানাবিরোধী বক্তব্যের মুখে দুই দেশের প্রতিনিধিদের এই ওয়াকআউট কূটনৈতিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম