সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: রয়টার্স
0

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ বৃহস্পতিবার জানানো হয়, আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আঞ্চলিক চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এড়াতে এবং দীর্ঘমেয়াদী শান্তি পুনঃপ্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক হামলা শুরুর পর থেকে ইরানের সামরিক বাহিনীও পাল্টা পদক্ষেপ হিসেবে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও অঞ্চলটিতে হামলা চালায়। এর ফলে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালি বন্ধ হয়ে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে চরম বিপর্যয় দেখা দেয়।

পরবর্তীতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা স্থগিতের একটি সমঝোতা স্মারক সই হলেও তা বাস্তবায়িত হয়নি। গত জুলাইয়ে আবার যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে হামলা শুরু করে এবং সমুদ্রপথে ইরানি বন্দরের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপ করে, যা আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।

এএম