বিশ্বকাপ শুরুর ঠিক আগে জন্ম নেয়া এই ছাগলটিকে পরানো হয়েছে আর্জেন্টিনার জার্সি। কাকতালীয়ভাবে তার নামদাতা ফুটবল তারকা মেসিও এবারের আসরের প্রথম দুই ম্যাচে ৫টি গোল করেছেন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে বিশ্বসেরা ফুটবলারের তর্কে নতুন করে প্রাণের সঞ্চার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। উল্লেখ্য, খেলাধুলায় সর্বকালের সেরা বোঝাতে ‘গোট’ (GOAT) শব্দটি ব্যবহার করা হয়, যা ইংরেজিতে আবার ছাগলকেও বোঝায়।
আর্জেন্টিনা ফুটবল দল বর্তমানে কানসাস সিটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। বার্কলে রিভারফ্রন্টের কাছে যে ৫৫ একরের শিল্প এলাকায় বিলিয়ন ডলারের উন্নয়ন কাজ চলছে, সেখানেই একপাল ছাগলের সঙ্গে মেসি নামের এই ছাগলটি আগাছা পরিষ্কারের কাজ করছে। রাসায়নিক ব্যবহার না করে পরিবেশবান্ধব উপায়ে ঘাস ও লতাপাতা দমনের জন্য ‘গোটস গন গ্রিন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ছাগলগুলো সেখানে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক কাইল আলভিস বলেন, ‘বিশ্বকাপের সময় শহরে মেসির নামে কেউ একজন ঘুরে বেড়াবে, এটাই সবাই চাচ্ছিল। তাই আমরা এই ছাগলটির নাম মেসি রেখেছি।’ রিভারফ্রন্ট দিয়ে যাওয়ার সময় প্রাতর্ভ্রমণকারীরা দাঁড়িয়ে মেসির ছবি তুলছেন। আলভিস জানান, তিনি আগে ফুটবল সম্পর্কে খুব একটা জানতেন না, কিন্তু এখন খেলাটি পুরো শহরকে এক করে দিয়েছে। দুই মেসির দেখা হবে কি না—এমন প্রশ্নে আলভিস বলেন, ফুটবল তারকা মেসি চাইলে যে কোনো সময় এসে এই ‘ছোট মেসি’র সঙ্গে দেখা করতে পারেন, তারা তাকে স্বাগত জানাতে প্রস্তুত।





