তীব্র গরমে শ্রমজীবীদের সুরক্ষায় নিউইয়র্ক মেয়র মামদানির বিশেষ নির্দেশ

গরমে সুইমিংপুলে স্থানীয়রা
গরমে সুইমিংপুলে স্থানীয়রা | ছবি: সিএনএ
0

দিন দিন অসহনীয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা। এমন অবস্থায় শ্রমজীবীদের সুরক্ষায় এগিয়ে এসেছেন শহরের মেয়র জোহরান মামদানি। প্রতিটি স্বাস্থ্য বিভাগকে শ্রমজীবীদের সুরক্ষার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। একটি নির্বাহী আদেশের স্বাক্ষরের মাধ্যমে নগর সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্কের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম বলে অভিহিত করেছে সিটি হল কার্যালয়।

প্রচণ্ড গরমে হাপিয়ে উঠেছে নিউইয়র্কের বাসিন্দারা। তাইতো অসহনীয় এ তাপ থেকে রেহাই একটু ছায়া পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছেন তারা। কেউবা বাড়ির বাইরেও বের হবার সাহস পাচ্ছেন না। তবে জরুরি প্রয়োজনে যাদের বাইরে যেতে হচ্ছে বিশেষ করে নিউইয়র্ক শহরের শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। তীব্র দাবদাহের মধ্যেও নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, ফুটপাতের বিক্রেতারা, ট্রাক চালক ও বিভিন্ন কারখানার শ্রমিকদের দীর্ঘ সময় বাইরে কাজ করতে হয়। শহরটিতে এরকম কর্মীর সংখ্যা ১৪ লাখের বেশি।

এই গরমে তাদের কি হবে? এমন প্রশ্নের সমাধানে এগিয়ে এলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সেই লক্ষ্যে প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় বাইরে কর্মরত শ্রমিকদের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র মামদানি। এমনকি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নতুন সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য নগর সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেন, ‘তাপ থেকে সুরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কর্মজীবী নিউ ইয়র্কবাসীদের উপেক্ষা করা হয়েছে। রাজ্য এবং ফেডারেল উভয় স্তরেই কর্মক্ষেত্রে তাপের একটি কার্যকর মানদণ্ড তৈরির জন্য আইন প্রণয়ন এবং অন্যান্য প্রচেষ্টা বছরের পর বছর ধরে আটকে আছে। এই কারণেই আজ আমি কর্মীদের চরম তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আমাদের শহরের সর্বপ্রথম নির্বাহী আদেশে স্বাক্ষর করছি।’

নির্বাহী আদেশে শহরের স্বাস্থ্য বিভাগ, জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং নগরব্যাপী প্রশাসনিক পরিষেবা বিভাগকে শ্রমজীবীদের জন্য নানা ভাষায় তাপ সুরক্ষা নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। এছাড়া গরমে অসুস্থ কর্মীদের জন্য স্বাস্থ্য সেবার যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে শহরের প্রতিটি বিভাগকে। পাশাপাশি অভ্যন্তরীণ কর্মীদের জন্য নির্দেশিকা ২০২৭ সালের মার্চের মধ্যে জমা দিতে হবে।

মামদানি জানান, নিউইয়র্ক সিটিতে প্রতি বছর তাপপ্রবাহে মারা যায় ৫০০ জনেরও বেশি মানুষ। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আরও বিপজ্জনক হয়ে উঠছে গ্রীষ্মকাল বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, এই আদেশটিকে নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম উদ্যোগ বলে অভিহিত করেছে সিটি হল ।

এফএস