বগুড়া বীট মডেল স্কুলে শতাধিক প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলা

বগুড়া বীট মডেল স্কুলে বিজ্ঞান মেলা
বগুড়া বীট মডেল স্কুলে বিজ্ঞান মেলা | ছবি: এখন টিভি
0

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হাসান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের নানা বিষয় নিয়ে তৈরি প্রকল্পের মধ্যে ছিল ‘অপারেশন স্যাডো-১২৯’ ড্রোন, স্মার্ট সোলার হাউস, ভূমিকম্প সহনশীল ভবন, স্মার্ট ফায়ার রেসকিউ হাউস, প্রাকৃতিক ভারসাম্য ও ঘরে তৈরি এয়ার কুলারসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবন।

শিক্ষার্থীদের প্রকল্প দেখে তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন অতিথিরা। তারা বলেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বাড়ানোর পাশাপাশি অনুসন্ধান ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা দেয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।’ ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।

জেআর