গাজায় ইসরাইলি হামলায় নারী-শিশুসহ নিহত ৫; যুদ্ধবিরতির পরও থামছে না মৃত্যু

ইসরাইলি হামলার জায়গার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু
ইসরাইলি হামলার জায়গার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু | ছবি: রয়টার্স
0

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গুলিতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২০ জুন) পৃথক এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।

গাজা সিটির সাবরা এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে চালানো ইসরাইলি বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই হামলায় অ্যাপার্টমেন্টটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

অন্যদিকে, গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার শহরে আরেক ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘাত হয়তো থেমেছে, কিন্তু ইসরাইলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ১ হাজার ১০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই সময়ে সশস্ত্র যোদ্ধাদের হামলায় প্রাণ হারিয়েছেন চার ইসরাইলি সেনা।

ইসরাইল দাবি করেছে, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা নস্যাৎ করতেই তারা এ অভিযান চালাচ্ছে। তবে নিজেদের কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সে বিষয়ে হামাস সাধারণত কোনো তথ্য প্রকাশ করে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপে কীভাবে এগোনো হবে, তা নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে এখনো অচলাবস্থা কাটেনি। এই পরিকল্পনার অংশ হিসেবে হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে।

এএম