দক্ষিণ কোরিয়ার কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রি; উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য | ছবি: রয়টার্স
0

দক্ষিণ কোরিয়ার কাছে উন্নত প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিষয়ক মহাপরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও ওয়াশিংটন ও সিউলের মধ্যে সামরিক সহযোগিতা ‘পরিকল্পিতভাবে শক্তিশালী’ করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কাছে প্রায় ৩০ কোটি ডলারের উন্নত ক্ষেপণাস্ত্র বিক্রিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অনুমোদনকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি মানেই যুদ্ধের রপ্তানি।’ তিনি আরও জানান, আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে উত্তর কোরিয়া তার আত্মরক্ষামূলক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা অব্যাহত রাখবে।

এদিকে পৃথক এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়েরও সমালোচনা করেছে পিয়ংইয়ং। সম্প্রতি ইউরোপ সফরের সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছিলেন লি জে মিউং।

কেসিএনএ জানিয়েছে, এই বক্তব্য উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া প্রমাণ করেছে যে দুই কোরিয়ার মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ সম্ভব নয় এবং তারা দক্ষিণ কোরিয়াকে একটি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা অব্যাহত রাখবে।

এএম