তুরস্ক ও সিরিয়ার যৌথ অভিযান: ইন্টারপোলের রেড নোটিশধারী ১০ আইএস সদস্য গ্রেপ্তার

আইএসআইএসের সদস্যরা
আইএসআইএসের সদস্যরা | ছবি: সংগৃহীত
0

জঙ্গিগোষ্ঠী আইএসের (আইএসআইএল) সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরিয়ায় যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক ও সিরিয়ার গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তার ব্যক্তিরা তুরস্কে বিভিন্ন সময়ে ‘সন্ত্রাসী হামলায়’ অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ২৩ মে) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই তথ্য জানিয়েছে।

তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজনদের গতিবিধির ওপর তুরস্ক ও সিরিয়ার এজেন্টরা যৌথভাবে নিবিড় নজরদারি রাখছিল। এরপর একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ১০ জনের সবার বিরুদ্ধেই ইন্টারপোলের আন্তর্জাতিক রেড নোটিশ জারি ছিল।

আরও পড়ুন:

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ২০১৫ সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বোমা হামলার পরিকল্পনাকারীদের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। গ্রেপ্তার আরেক সন্দেহভাজন আলী বোরা ২০১৪ সালে আইএসে যোগ দেন। পরে তিনি তুরস্কে দলটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা আইএসের সক্রিয় সদস্য এবং এই গোষ্ঠীর কাছ থেকেই তারা বিভিন্ন প্রশিক্ষণ ও হামলার নির্দেশনা পেয়েছিলেন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির বর্তমান শীর্ষ নেতা প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকার এবং আঙ্কারার মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হয়েছে।

এএম