আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ ও নৌকা
হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ ও নৌকা | ছবি: রয়টার্স
0

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী আটটি জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে থাইল্যান্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাই সংবাদমাধ্যম থাই এনকোয়ারার এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সিহাসাক মধ্যপ্রাচ্য সংঘাত ও এর ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে প্রায় বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বিভিন্ন দেশের অসংখ্য নৌযান সেখানে আটকা পড়ে আছে।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তিনি ব্যাংককের উদ্বেগ ও এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হলেই এই অবরোধ তুলে নেয়া হবে।

বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, থাইল্যান্ড শিগগিরই ওমানের মাধ্যমে ইরানকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ মানবিক সহায়তা পাঠাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জবাবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী রূপ পায়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

এএম