কুয়েতের বিরুদ্ধে ইরানি নৌযানে হামলার অভিযোগ আরাঘচির

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: এনডিটিভি
0

পারস্য উপসাগরে ইরানের একটি নৌযানে হামলা ও চার নাগরিককে আটকের অভিযোগে কুয়েতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনাকে ‘বেআইনি’ অভিহিত করে এর পাল্টা জবাব দেয়ার অধিকার ইরানের রয়েছে বলে জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘বিভেদ সৃষ্টির অপচেষ্টা হিসেবে কুয়েত অবৈধভাবে একটি ইরানি নৌযানে হামলা চালিয়েছে এবং আমাদের চার নাগরিককে আটক করেছে। এই ঘটনাটি এমন একটি দ্বীপের কাছে ঘটেছে, যা যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাতে ব্যবহার করে।’ তিনি অবিলম্বে আটক ইরানিদের মুক্তি দাবি করেন।

এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি মাসের শুরুতে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে আটক করা হয়। কুয়েতি সংবাদ সংস্থা কুনা জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রেভল্যুশনারি গার্ড কর্পসের (আরজিসি) দুই কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন। তারা কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন বলেও দাবি করেছে দেশটি।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের দাবি, দিকনির্ণয় যন্ত্র বা নেভিগেশন সিস্টেমে গোলযোগের কারণে তাদের নৌযানটি ভুলবশত কুয়েতের জলসীমায় ঢুকে পড়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান-সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ওপর কড়াকড়ি বাড়িয়েছে কুয়েত। এই ঘটনা প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করলো।

এএম