ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ‘বোম্বিং’ শুরু করবে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় খতিবজাদেহ বলেন, ‘তিনি বড্ড বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যে তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি জানি না।’

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান বিশ্বাস করে যুদ্ধ কখনোই কোনো ইতিবাচক ফলাফল আনতে পারে না। তবে আক্রান্ত হলে নিজেদের রক্ষা করতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমাদের শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও ট্রাম্পের এমন আক্রমণাত্মক বক্তব্য আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম