ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন; লেবাননে যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু

ট্রাম্প ও নেতানিয়াহু
ট্রাম্প ও নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

ইরান ও ইসরাইল চলমান উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে ইসরাইলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এ সাময়িক যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। খবর আল জাজিরার।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরাইল সমর্থন করে। তবে এটি এ শর্তে কার্যকর হবে যে— ইরানকে অবিলম্বে সমুদ্রপথের গুরুত্বপূর্ণ প্রণালিগুলো খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।’

আরও পড়ুন:

নেতানিয়াহুর কার্যালয় আরও জানিয়েছে, ইরান যেন ভবিষ্যতে আর কখনোই পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে মার্কিন প্রচেষ্টাকে ইসরাইল পূর্ণ সমর্থন দিচ্ছে। আসন্ন আলোচনায় এ লক্ষ্যগুলো অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরাইলকে আশ্বস্ত করা হয়েছে।

বিবৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হলো লেবানন প্রসঙ্গ। নেতানিয়াহুর দপ্তর সাফ জানিয়ে দিয়েছে, এ দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতাভুক্ত থাকবে না লেবানন।’

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিপূর্বে দাবি করেছিলেন যে এ যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে। নেতানিয়াহুর এ বিবৃতির মাধ্যমে পাকিস্তানের সেই দাবি সরাসরি নাকচ হয়ে গেল।

এএইচ